রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে নেসকোর বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকদের মামলা

রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে নেসকোর বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকদের মামলা

রংপুর জেলা প্রতিনিধি: প্রিপেইড মিটার স্থাপন বেআইনি মর্মে আদালতে নেসকো কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী গ্রাহকগণ। আজ বুধবার (২২ জুলাই) বিকেলে মামলা ফাইলিং শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে বাদিপক্ষে নিযুক্ত আইনজীবী পলাশ কান্তি নাগ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে রংপুরের সিনিয়র সহকারী জজ আদালতে ভুক্তভোগী গ্রাহক আব্দুল জব্বার সরকারসহ ১৫জন বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলী (অপারেশন) মো: আশরাফুল ইসলাম মন্ডলসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নেসকো রংপুর জোন নগরীর বাসা-বাড়ি, বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের আপত্তি সত্ত্বেও জবরদস্তি কায়দায় বিদ্যুতের পোস্ট পেইড মিটার অপসারণ করে বাধ্যতামূলকভাবে প্রিপেইড মিটার স্থাপন করা হয়।

দুর্নীতিগ্রস্ত, গ্রাহক শোষণ ও হয়রানির প্রিপেইড মিটার প্রতিস্থাপনের যাবতীয় কার্যক্রম বেআইনি ও অবৈধ মর্মে ঘোষণামূলক ডিক্রি কামনায় ভুক্তভোগী গ্রাহকরা এ মামলা করেন। ভুক্তভোগীরা বলেন, আদালত মানুষের শেষ ভরসাস্থল। আশা করি আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177268