সাগর-অঙ্গনা’র ‘সরাসরি বলছি তোকে’
অভি মঈনুদ্দীন ঃ এস কে সাগর শান, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। তার সুর করা গানে এই প্রজন্মের অনেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী কন্ঠ দিয়েছেন। আবার তিনি নিজেও বেশকিছু মৌলিক গানও প্রকাশ করেছেন। এবার সালাহউদ্দিন সাগরের কথায় ও এসকে সাগর শানের সুর সঙ্গীতে শানের সাথেই দ্বৈত কন্ঠে নতুন মৌলিক গান ‘সরাসরি বলছি তোকে’ গানটি নিয়ে শ্রোতা দর্শকের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন সাগর ও অঙ্গনা পূজা।
এরইমধ্যে গানটির মিউজিক অ্যারেঞ্জম্যান্ট-এর কাজ শেষে মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে বলে জানালেন সাগর শান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শত শত মিউজিক ভিডিওর নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।
এস কে সাগর শান বলেন,‘ সরাসরি বলছি তোকে গানের কথার সাথে সঙ্গতি রেখেই আমি মন কাড়া এক সুর করেছি। আমি কেমন গেয়েছি সেটা আমি না হয় নাইবা বললাম। শুধু এতোটুকু বলতে চাই, অঙ্গনা পূজা দারুণ গেয়েছেন এই গানে। তার কন্ঠটা এতো মিষ্টি আর এতো সুরেলা-আমি বিশ্বাস করি সরাসরি বলছি তোকে গানটি প্রকাশের পর অঙ্গনা’কে নিয়ে সুরকার, সঙ্গীত পরিচালকেরা তাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাবেন। গানের প্রতি তার ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে। মূলত অঙ্গনার কণ্ঠটা সিনেমার গানের জন্য পারফেক্ট। আমি ভীষণ আশাবাদী তাকে নিয়ে।’
‘সরাসরি বলছি তোকে’ গানটির মিউজিক ভিডিও নির্মানে ডিওপি হিসেবে কাজ করেছেন মাহদী আল মুজাহিদ। একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে গানের ভুবনে তার যাত্রা শুরু হয় আধুনিক, পপ, মেলো রক ও মডার্ণ ফোক ঘরানার গান গাওয়ার মধ্যদিয়ে। পাশাপাশি বিগত এক যুগেরও বেশি সময় তিনি একজন পেশাদার সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে বাংলাদেশের অডিও ইণ্ডাষ্ট্রি, সিনেমা ও নাটকের আবহ সঙ্গীতেও কাজ করেছেন বেশ সফলতার সঙ্গেই। আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে লেজার ভিশন থেকে প্রকাশিত হয় একক মৌলিক গান ‘মায়াবী রাত’। প্রথম গান দিয়েই শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেন সাগর।
২০১৯ সাল থেকে তিনি পেশাদারভাবে মিউজিক ডিরেক্টর ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। ২০১২ সালে এস কে সাগর শান প্রতিষ্ঠা করেন ব্যান্ড দল ‘পাঞ্জেরী’। তিনি ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও লিড ভোকালিস্ট। কবি ফররুখ আহমদের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী’ গানটি ব্যাণ্ডটির টাইটেল ট্র্যাক হিসেবে পরিচিত।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177267