প্রেমিকাকে বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর ‘মিস্টার বিস্ট’
বিনোদন ডেস্ক : ইউটিউবের বিশাল বাজেটের ভিডিও, ব্যতিক্রমী চ্যালেঞ্জ আর জমকালো আয়োজনের জন্য বিশ্বজুড়ে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামেই বেশি পরিচিত। তবে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি তিনি উদযাপন করেছেন একেবারেই ব্যক্তিগত পরিসরে। দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেন-কে বিয়ে করেছেন ২৮ বছর বয়সী এই ইউটিউব তারকা।
মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের জানান মিস্টার বিস্ট। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি এবং এটি ছিল আমার জীবনের সেরা দিন।’
জিমি ডোনাল্ডসন, অর্থাৎ মিস্টার বিস্ট হলেন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর, যিনি ইউটিউবের দুনিয়ায় তাঁর আকাশচুম্বী বাজেট ও রুদ্ধশ্বাস সব ভিডিওর জন্য বিশ্বজুড়ে সমাদৃত। অন্যদিকে, তাঁর জীবনসঙ্গী থিয়া বয়সেন একজন খ্যাতনামা কনটেন্ট ক্রিয়েটর ও লেখক, যিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’-তে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ‘দ্য মার্কড চিলড্রেন’ নামক বইয়ের লেখক।
দক্ষিণ আফ্রিকায় এক সাধারণ বন্ধুর সূত্রে তাদের পরিচয় হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ থিয়ার বই পড়ার আগ্রহ প্রকাশের মাধ্যমে শুরু হওয়া সেই সামান্য আলাপচারিতাই একসময় রূপ নেয় গভীর প্রেমে। ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সেরে অবশেষে ২১ জুলাই ছোট পরিসরে দুই পরিবারের উপস্থিতিতে পরিণয় সূত্রে আবদ্ধ হন এই জনপ্রিয় যুগল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177194