জিম্বাবুয়ের মাটিতে ব্যর্থতার ব্যাখ্যা দিলেন ব্যাটিং কোচ আশরাফুল

জিম্বাবুয়ের মাটিতে ব্যর্থতার ব্যাখ্যা দিলেন ব্যাটিং কোচ আশরাফুল

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সফর শেষে আজ বুধবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারের সফরটা মোটেও ভালো যায়নি টাইগারদের। টেস্ট ও ওয়ানডে সিরিজে নাস্তানুবাদ হয়েছে বাংলাদেশ। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরেছিল তারা। জিম্বাবুয়েতেই বারবার এভাবে হোঁচট খায় কেনো বাংলাদেশ! ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দিলেন ব্যাখ্যা।

আজ দেশে ফেরার পর বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন আশরাফুল। জিম্বাবুয়ের মাটিতে ব্যর্থতার প্রশ্নে তিনি বলেন, আমি মনে করি, জিম্বাবুয়ের আবহাওয়া ও উইকেটের কন্ডিশন সবসময়ই আমাদের জন্য কিছুটা ভিন্ন হয়। এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে আন্তর্জাতিক সিরিজের আগে আগের মতো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকে না। আগে একটি তিন দিনের ম্যাচ কিংবা একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক সহজ হতো। এখন সেই সুযোগ নেই। দল গিয়ে সরাসরি মূল ম্যাচ খেলতে নামে।

তিনি আরও বলেন, যদিও আমাদের টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়রা আগেভাগেই সেখানে গিয়েছিল, তবু প্রস্তুতি ম্যাচ না থাকায় ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা হয়নি। আমার বিশ্বাস, যদি সেই সুযোগটা থাকতো, তাহলে মূল ম্যাচগুলোর ফল আমাদের পক্ষেই আসতে পারতো। সবমিলিয়ে এবারের সফরে আশরাফুলের মনে হয়েছে ব্যাটাররা অতিরিক্ত বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। সফরের সামগ্রিক মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ওখানে বাড়তি বাউন্স ছিল। ওই বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে আমাদের একটু সময় লেগেছে। প্রথম টেস্ট ম্যাচটা আমরা ভালো করতে পারিনি। পরে তৃতীয় ওয়ানডেতে গিয়ে আমরা সেই মানিয়ে নেওয়ার কাজটা করতে পেরেছি।

তবে এই সফরে ফলাফল পক্ষে না এলেও এটা অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগবে বলে মনে করেন আশরাফুল, আমি মনে করি, সামনে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে আমরা এ ধরনের কন্ডিশনে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারব। এই সফরটা অস্ট্রেলিয়া সিরিজেও আমাদের কাজে দেবে। এখানে যে বাড়তি বাউন্স ছিল, সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হয়েছে। গত সাত মাস ধরে আমরা নিজেদের মাঠের কন্ডিশনে খুব ভালো খেলছিলাম। কিন্তু ভিন্ন ধরনের কন্ডিশনে খেলতে গিয়ে আমাদের একটু সময় লেগেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177186