ঢাবিতে ‘জুলাই-গ্রাফিতি’ সংরক্ষণের উদ্যোগ, দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি
ঢাবি প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে অঙ্কিত ‘জুলাই-গ্রাফিতি’ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে এসব গ্রাফিতি পুনরায় রংকরণ ও পুনর্লিখন করা হবে। এর পাশাপাশি গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।রোববার (২৬ জুলাই) উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত রংকরণ ও পুনর্লিখনের মধ্য দিয়ে গ্রাফিতি সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন চারুকলা অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালক।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে যেসব শিল্পী গ্রাফিতি অঙ্কনে যুক্ত ছিলেন, তাদেরকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগ্রহী ও সৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ০১৭-১৬১১-৬০২৩ হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ও ঠিকানা পাঠিয়ে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা, রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষ্যে বিজ্ঞান অনুষদের উদ্যোগে রোববার (২৬ জুলাই) দুপুর ১২:৩০ টায় অনুষদের কনফারেন্স কক্ষে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ : ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
অমর একুশে হলের উদ্যোগে এ উপলক্ষ্যে শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭:৩০ টায় হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।