চাঁপাইনবাবগঞ্জে তেল সংকটের গুজব, পাম্পে ভিড়

চাঁপাইনবাবগঞ্জে তেল সংকটের গুজব, পাম্পে ভিড়

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে হঠাৎ করেই মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার প্রায় ৩০ থেকে ৩৫টি পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে চালকদের ভিড় লক্ষ্য করা যায়। তবে অধিকাংশ চালকই কেন তেল নিতে ছুটেছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। অনেকেই জানান, অন্যদের ভিড় দেখে আতঙ্কিত হয়ে তারাও লাইনে দাঁড়িয়েছেন।

এদিকে, জ্বালানি তেলের সংকটের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আলিম বলেন, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে, তা দিয়ে আগামী দুই মাসের চাহিদা নির্বিঘ্নে পূরণ করা সম্ভব।

তিনি আরও অভিযোগ করেন, একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে কৃত্রিম তেল সংকটের গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এমন গুজবে বিভ্রান্ত না হয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য তিনি মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177146