কুড়িগ্রামের রৌমারীতে দীর্ঘদিনের সরকারি অচল রাস্তা সচল করল এলাকাবাসী

কুড়িগ্রামের রৌমারীতে দীর্ঘদিনের সরকারি অচল রাস্তা সচল করল এলাকাবাসী

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামে ৩০বছরের পুরোনো অচল সরকারি রাস্তা স্থানীয় ইউপি সদস্য শফিকুলের সহযোগিতায় ও এলাকাবাসীর প্রচেষ্টায় চলাচলে সচল করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় এমন ঘটনা দেখা যায় ওই এলাকায়।

স্থানীয়রা জানায়, এলাকায় প্রায় ১৫ হাজার লোকের বসবাস। দীর্ঘদিন কিছু কুচক্রী মহলের প্রভাবে রাস্তাটি অচল থাকায় স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহণ, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের সহযোগিতায় এবং গ্রামের সচেতন মানুষের প্রচেষ্টায় আমিন দিয়ে রাস্তাটি বের করে সংস্কারের কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করা হয়েছে।

এলাকাবাসী জানায়, এই রাস্তাটি চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে এবং দৈনন্দিন চলাচল অনেক সহজ হয়ে যাবে। এলাকাবাসীর দাবি, সরকারি ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভবিষ্যতে যেন রাস্তাটির স্থায়ী সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে আবারও সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে না হয়।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে। আমি চেষ্টা করে যাবো, ভবিষ্যতে রাস্তাটি একটি পূর্ণাঙ্গ রাস্তায় নির্মাণ করতে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177132