আগামীকাল ঢাকায় আসবেন আতিফ আসলাম
ঢাকায় কনসার্ট করতে আসার বিষয়টি এবার নিজেই এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক সংক্ষিপ্ত কিন্তু উদ্দীপনাপূর্ণ ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের উদ্দেশে আতিফ জানিয়েছেন, তিনি ঢাকায় আসছেন এবং সবাইকে সঙ্গে নিয়ে মঞ্চ মাতাতে পুরোপুরি প্রস্তুত।
ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, ‘হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী শুক্রবার ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।’ ভিডিও বার্তাটি প্রকাশের পর থেকেই ঢাকার সংগীতপ্রেমী ও আতিফ-ভক্তদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে।
আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’-এর ব্যানারে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই মেগা কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর ৩০০ ফিটের ক্রিকেটারস একাডেমিতে। বিস্তারিত তুলে ধরতে আজ, ২১ জুলাই রাজধানীতে প্রেস মিটের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল আতিফ আসলাম বাংলাদেশে আসবে, এবং কনসার্টের দিন দর্শকদের সুবিধার্থে দুপুর ২টায় ভেন্যুর গেট ওপেন করা হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করে দেওয়া হবে। মূল সংগীতানুষ্ঠানটি বিকাল ৫টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। এই সংগীতায়োজনে আতিফ আসলামের রাজকীয় পরিবেশনার পাশাপাশি ঢাকার মঞ্চে বাড়তি মাত্রা যোগ করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।
আতিফ আসলামকে নিয়ে এই কনসার্টটি মূলত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরের ১৩ ডিসেম্বর। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতি সম্পন্ন করলেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছিল। তবে আয়োজকরা তখন ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে উপযুক্ত সময়ে এটি আবার আয়োজন করা হবে। এবার আতিফের নিজের মুখের ঘোষণা সব ধরনের জল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটাল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দর্শক স্থগিত হওয়া ওই কনসার্টের টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনা লাগবে না। এ ছাড়া যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন, কিন্তু কারিগরি কারণে এখনো রিফান্ড পাননি, তারাও চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177125