বগুড়া নিউ মার্কেট ব্যবসায়ী আল আমিন হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : চাঁদার দাবিতে পূর্বশক্রতার জের ধরে বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ী আল আমিন হত্যা মামলার দুই হাজতি আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তারা হলো-শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দির মৃত আব্দুল লতিফের দুই ছেলে বাশির আহম্মেদ এবং নাজির হোসেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দির আফছার আলীর ছেলে ও বগুড়া নিউ মার্কেটের লেইস কাপড়ের ব্যবসায়ী আল আমিনের সাথে এই মামলার আসামিদের বিরোধ চলে আসছিল। গত বছরের ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে আল আমিন দেড় লাখ টাকা ব্যাগে নিয়ে ব্যবসার জন্য যাবার সময় ভাদাইকান্দির জনৈক জহুরুলের বাড়ির কাছে আসামিরা তার পথরোধ করে ২ লাখ টাকা চাঁদার দাবিতে লোহার রড ও হকিস্টিক দিয়ে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
আহত আল আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর ২ আগস্ট রাত ১০টায় তিনি মারা যান। এ ব্যাপারে নিহত আল আমিনের চাঁচা জাহিদ হাসান বাদি হয়ে ওই আসামিরাসহ ১৩ জনের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. এনামুল হক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177073