ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং মহানগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক এসআই খালিদ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি ইজিবাইক শম্ভুগঞ্জ থেকে যাত্রী নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দেবরাজ ঘোষ নামে একজনের মৃত্যু হয়। আহত হয় অটোচালকসহ আরও চারজন আহত হয়।
এ সময় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিলা আক্তার ও আবেদা খাতুনকে মৃত ঘোষণা করেন। অপর নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
এসআই খালিদ বলেন, একটি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে নিহত দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।