ফাইনালে মাঠে নামার আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য নিয়ে রহস্য!
স্পোর্টস ডেস্ক : ফাইনালের আগে আর্জেন্টিনার সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া একটি বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। তার বলা ‘সবকিছু ভুলে যাও’ কথাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জল্পনা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। এই ফাইনালে শেষ পর্যন্ত জয় পায় স্পেন। পুরো ম্যাচে আধিপত্য দেখানো স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের করা গুরুত্বপূর্ণ গোল ঠেকাতে পারেনি। ফলে ০-১ গোলে হেরে যায় ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে ম্যাচের আগে ড্রেসিংরুমে মেসির দেওয়া শেষ বক্তব্যের ভিডিওই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। ড্রেসিংরুমের প্রবেশপথে দাঁড়িয়ে সতীর্থদের উদ্দেশে স্বভাবসুলভ শান্ত কণ্ঠে মেসি বলেন, ‘চলো ছেলেরা, শান্ত হও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের শান্ত থাকা।’ এ পর্যন্ত মেসির বক্তব্য ছিল বড় ম্যাচের আগে একজন অধিনায়কের স্বাভাবিক অনুপ্রেরণামূলক বার্তার মতোই। কিন্তু এরপর তিনি বলেন, ‘সবকিছু ভুলে যাও। শুধু খেলার দিকে মনোযোগ দাও। শুধু দৌড়ানোর কথা ভাবো, ছেলেরা।’ সামাজিক যোগাযোগমাধ্যম ও আর্জেন্টিনার গণমাধ্যমে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে মেসির বলা ‘সবকিছু ভুলে যাও’ কথাটি নিয়ে। কেন তিনি এমন কথা বলেছিলেন, তা নিয়েই চলছে আলোচনা। কিছু গণমাধ্যম ও সমর্থকের ধারণা, ফাইনালের আগে স্পেন শিবির থেকে ওঠা রেফারিং বিতর্কের বিষয়টি মাথায় রেখেই হয়তো মেসি এমন মন্তব্য করেছিলেন।
ফাইনালের আগে স্পেনের গণমাধ্যম ও খেলোয়াড়রা অভিযোগ করেছিলেন, বিশ্বকাপজুড়ে রেফারিদের কিছু সিদ্ধান্তের কারণে আর্জেন্টিনা সুবিধা পেয়েছে। বিশেষ করে স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্তে (৩২) এক সাক্ষাৎকারে বলেন, ‘শেষ কয়েকটি ম্যাচে আমরা এমন কিছু বিষয় দেখেছি, যা আমাদের অনেক বিস্মিত করেছে। এমন কিছু ঘটনা ঘটেছে, যেগুলো শাস্তিযোগ্য ছিল; কিন্তু সেগুলো উপেক্ষা করা হয়েছে।’
আর্জেন্টিনার কঠোর খেলার বিষয়ে রেফারিদের নমনীয় সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করেছিলেন লাপোর্তে। তবে স্থানীয় গণমাধ্যম ও সমর্থকদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো, ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে তৈরি হওয়া বাইরের সমালোচনা, চাপ এবং প্রতিপক্ষের মানসিক লড়াইÑসবকিছু ভুলে শুধু ফুটবলে মনোযোগ দেওয়ার বার্তাই দিতে চেয়েছিলেন মেসি।
কিন্তু মেসির সেই আবেগঘন আহ্বান সতীর্থদের কাছে প্রত্যাশিতভাবে পৌঁছায়নি বলেই মনে করা হচ্ছে। আর্জেন্টিনা পুরো ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি। শেষ পর্যন্ত তারা ম্যাচে হেরে যায়। পরাজয়ের পর পরিস্থিতি আরও খারাপ হয়। আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ধাক্কাধাক্কি, গলা চেপে ধরা এবং ঘুষি মারার মতো ঘটনাও ঘটে। মাঠের সেই বিশৃঙ্খল আচরণ নিয়েই এখন তদন্ত শুরু করেছে ফিফা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177028