মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর আজ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর আজ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জনের প্রাণহানির ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার (২১ জুলাই)। বিভীষিকাময় ওই দিনের ভয়ংকর স্মৃতি এখনো তাড়া করে ফেরে বেঁচে যাওয়া শিক্ষার্থী ও তাদের পরিবারকে। আকাশে বিমানের শব্দ বা আগুন দেখলেও আঁতকে উঠছে তারা।

গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে পাইলট, শিক্ষিকা ও ২৮ শিক্ষার্থীসহ মোট ৩৬ জন নিহত হন। আহত হন আরও অনেকে। দগ্ধ ও আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর অনেকেই বাড়ি ফিরলেও শরীরে রয়ে গেছে পোড়া ক্ষতের দাগ, আর মনে রয়ে গেছে বিভীষিকার স্মৃতি। এক বছর পর আহত শিক্ষার্থীদের অনেকেই আবার ক্লাসে ফিরেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ৪৮ শিক্ষার্থীর মধ্যে একজন বাদে সবাই নিয়মিত শ্রেণিকক্ষে ফিরেছে। তবে আকাশে বিমান উড়ে গেলে কিংবা স্কুল ছুটির সময় ঘনিয়ে এলে অনেকের মধ্যেই এখনো ভয় ও আতঙ্ক ফিরে আসে। অভিভাবকদের মনেও কাজ করে অদৃশ্য শঙ্কা।

অন্যদিকে, নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য সময় যেন থেমেই আছে। অনেক স্বজন এখনো মাঝেমধ্যে স্কুলে এসে হারানো সন্তানকে খুঁজে ফেরেন। কারও কাছে সন্তান বেঁচে আছে শুধু ছবিতে, কারও কাছে স্মৃতিতে। তাদের অভিযোগ, এক বছর পেরিয়ে গেলেও প্রকৃত বিচার এখনো নিশ্চিত হয়নি। সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি ক্ষোভ জানিয়ে তারা বলছেন, কোনো সহায়তা নয় তাদের একমাত্র চাওয়া সুষ্ঠু বিচার। 

দুর্ঘটনার পর তৎকালীন অন্তর্বর্তী সরকার নয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। প্রায় তিন মাসের তদন্ত শেষে ১৫০ জনের সাক্ষ্যগ্রহণ ও ১৬৮টি তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ৩৩ দফা সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নজনিত ত্রুটির কারণে প্রশিক্ষণ চলাকালে পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়। ভবিষ্যতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিমানবাহিনীর সব প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ করা হয়। পাশাপাশি বরিশাল ও বগুড়া বিমানঘাঁটির রানওয়ে সম্প্রসারণের তাগিদ দেওয়া হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি রাজউকের বিল্ডিং কোড অনুযায়ী নির্মিত হয়নি। ভবনে প্রয়োজনীয় সংখ্যক সিঁড়ি না থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে তদন্তে পর্যবেক্ষণ দেওয়া হয়।

এদিকে, ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালন করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এর অংশ হিসেবে দোয়া মাহফিল, কবর জিয়ারত, এক মিনিট নীরবতা এবং নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) প্রতিষ্ঠানের সব শাখায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177015