বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে ছুরিকাঘাতে রঞ্জু মিয়া (৪৫) নামের এক যুবক খুন হয়েছেন এবং খোরশেদ আলম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাসিড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু মিয়া আহত খোরশেদ আলমের ভগ্নিপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সোমবার রাত ১০টার দিকে ঘাষিড়া গ্রামের একটি ইটভাটার ভেতরে খোরশেদ আলমের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে রঞ্জু মিয়া ছুরিকাঘাতের শিকার হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177013