ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির বার্তা

ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির বার্তা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে শিরোপা হাতছাড়া হওয়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি হারের কষ্ট প্রকাশ করার পাশাপাশি নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন।

নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে জার্সিতে চতুর্থ তারকা যোগ করার স্বপ্ন অপূর্ণই থেকে যায় আলবিসেলেস্তেদের।

ফাইনালের একদিন পর দেওয়া বার্তায় মেসি লেখেন, ‘ব্যথাটা অসীম। এই ক্ষত সারতে সময় লাগবে।’ তবে এই হতাশার মাঝেও পুরো বিশ্বকাপজুড়ে দলের অর্জন ও ইতিবাচক স্মৃতিগুলো মনে রাখতে চান বলে জানান তিনি।

৩৯ বছর বয়সী এই তারকা বলেন, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো, সতীর্থদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনই আর্জেন্টিনাকে আবারও বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করেছে।

মেসি আরও লেখেন, এই মুহূর্তে অর্জনটির প্রকৃত মূল্য হয়তো পুরোপুরি উপলব্ধি করা কঠিন। তবে এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে। ২০২২ সালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবার রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিটি শুভেচ্ছা ও ভালোবাসার বার্তার জন্য তিনি কৃতজ্ঞ। বিশ্বকাপ আবারও আর্জেন্টিনার মানুষকে একত্রিত করেছে এবং দেশের নাগরিক হিসেবে গর্ব ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছে।

নিজেদের হতাশার মধ্যেও প্রতিপক্ষের কৃতিত্ব স্বীকার করতে ভোলেননি মেসি। বার্তার শেষ দিকে তিনি লেখেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।’

ফাইনালে স্পেনের সংগঠিত রক্ষণভাগের বিপক্ষে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি মেসি। ফেরান তোরেসের গোলের পর সমতা ফেরানোর চেষ্টা করলেও আর্জেন্টিনাকে আরেকটি নাটকীয় প্রত্যাবর্তন এনে দিতে পারেননি তিনি।

তবে নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে এই বার্তায় কোনো মন্তব্য করেননি আর্জেন্টিনা অধিনায়ক। ৩৯ বছর বয়সেও তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার। তাই জাতীয় দলের হয়ে তার পথচলা অব্যাহত থাকবে কি না, বিশ্বকাপ শেষে সেটিই এখন আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177009