সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের

সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের

আন্তর্জাতিক ডেস্কইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তেজনার মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। বিশ্লেষকদের ধারণা, এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও নতুন মাত্রা পেতে পারে।

সোমবার (২০ জুলাই) ইরান-সমর্থিত গোষ্ঠীটির এ ঘোষণা আসে বলে জানিয়েছে রয়টার্স।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরব অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধ আরোপ করেছে। এর জবাবে ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সমুদ্রপথে অবরোধ কার্যকর করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি উত্তেজনার জবাব আরও কঠোর উত্তেজনার মাধ্যমে দেওয়া হবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং সৌদি আরবের যে কোনো বেপরোয়া পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে।

তবে হুতিদের এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে টানা নবম দিনের মতো রোববার দিবাগত রাতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। নতুন করে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যত ভেঙে পড়েছে।

হুতিদের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাময়িকভাবে বেড়ে যায়। তবে পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা দেখা দেওয়ায় সেই দাম আবার কিছুটা কমে আসে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177006