৪৮ ঘণ্টায় দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা

৪৮ ঘণ্টায় দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা

উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে দেশের আরও কয়েকটি জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত কেন্দ্রটির নিয়মিত বুলেটিনে জানানো হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী একদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুদিন বাড়তে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে এবং কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে উভয় নদীর পানিই আবার বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে অথবা চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

একই সময়ে সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাস, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভুগাই, কংস ও সোমেশ্বরী নদী শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু স্থানে এবং সারিগোয়াইন ও যাদুকাটা নদী সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়া বা বিদ্যমান পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বুলেটিনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি বেড়েছে, আর পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিন এসব নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা, যমুনেশ্বরী, আত্রাই ও ঘাঘট নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। যদিও করতোয়া ও ছোট যমুনা নদীর পানি কিছুটা কমেছে, তবে আগামী তিন দিনে আবারও বাড়তে পারে। এ অবস্থায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আত্রাই ও ছোট যমুনা নদী নওগাঁ ও নাটোরের কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বেড়েছে, হালদা নদীর পানি কমেছে এবং মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এসব নদীর পানি আগামী একদিন বাড়বে এবং পরবর্তী দুই দিনে দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177004