প্রকল্পের নামে জনগণের টাকা আত্মসাৎ করলে সরকার ছাড় পাবে না : সারজিস আলম

প্রকল্পের নামে জনগণের টাকা আত্মসাৎ করলে সরকার ছাড় পাবে না : সারজিস আলম

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, বর্তমান সরকারের এমপি ও মন্ত্রীরা বিভিন্ন প্রকল্পের নামে জনগণের কল্যাণের টাকা আত্মসাৎ করছেন।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় খাল খননের নামে খালের বালু পাথর বিক্রি করে দুর্নীতি আর হরিলুট করেছেন। সেই খাল খননের বরাদ্দের টাকা শেষ শুধু খালটা খাওয়া বাকি আছে। গত রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় বিকেল ৫টায় পথসভার আয়োজন করে উপজেলা এনসিপি।

তেঁতুলিয়া উপজেলা এনসিপি’র আহবায়ক অসরপ্রাপ্ত সেনা কমান্ডো মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পথসভায় সারজিস আলম বলেন, এনসিপির নির্বাচিত এমপিরা সংসদ গঠনের পর যত টাকা সরকারি বরাদ্দ পেয়েছে তা জনগণের কাছে হিসাব দিয়েছে। কিন্তু পঞ্চগড়ের এমপি সাহেব সেই হিসাব না দিয়ে দলের লোকজন নিয়ে লুটেপুটে খেয়েছে। তাই আগামীদিনে চোখে চোখ রেখে পঞ্চগড়ের বরাদ্দকৃত প্রকল্পের টাকা কড়ায়-গন্ডায় হিসাব দিতে হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড়-১ আসনে বিএনপির নির্বাচিত এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ভোটের আগে বলেছিলেন- পঞ্চগড়ে একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ করা হবে, চিনিকল পুনরায় চালু করা হবে। কিন্তু আমরা কি দেখলাম মেডিকেল কলেজ আর বিশ্ববিদ্যালয় হচ্ছে ঠাকুরগাঁও। তিনি পঞ্চগড়ে দৃশ্যমান উন্নয়ন থেকে বঞ্চিত না করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এমপি, এনসিপি’র মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, এনসিপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ এমপি প্রমুখ। পথসভায় এনসিপি’র যুবশক্তিসহ ঐক্যজোটের রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176978