১০ ঘণ্টা মোটরসাইকেল চালিয়ে ১০ কেজি গাঁজা নিয়ে ধুনটে ধরা পড়লো ২ জন
স্টাফ রিপোর্টার : ১০ ঘণ্টা মোটরসাইকেল চালিয়ে ১০ কেজি গাজা পাচারকালে দুটি মোটর সাইকেলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার একটি টিম ধুনট উপজেলার শৌলমারী দক্ষিনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো,লালমনিরহাটের হাতিবান্ধা থানার গেন্দু কুড়ি গ্রামের-মোঃ নাজির হোসেন খন্দকারের ছেলে নূর নবী খন্দকার জিকু (৪০) ও গাইবান্ধার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের আব্দুল মতিন সরকারের ছেলে মিলন মিয়া (২৪)।
ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে,লালমনিরহাট সীমান্ত থেকে সংগ্রহ করা একটি মাদকের চালান বগুড়ার ধুনট হয়ে পাচার হচ্ছে। এ সংবাদ পেয়ে ধুনট উপজেলার শৌলমারী দক্ষিনপাড়া গ্রামে সোহেল রানার বাড়ির সামনে ডিএনসির সদস্যরা অবস্থান নেন।
এরপর ওই এলাকা দিয়ে বহনের সময় আসামিদের দুটি মোটরসাইকেল আটক করা হয়। পরে তাদের মোটর সাইকেল ও দেহ তল্লাশি করে ১০ কেজি গাঁজা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ওই ২টি মোটরসাইকেল জব্দ করে তাদেরকে গ্রেফতার করা হয়। দুটি মোটরসাইকেলে একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগে ও একটি সিনথেটিক বস্তার ভেতরে করে ১০ কেজি গাঁজা বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল।
তারা লালমনিরহাট সীমান্ত থেকে ওই পরিমান গাঁজা সংগ্রহ করে মোটর সাইকেলে নিয়ে ১০ ঘণ্টা মোটরসাইকেল চালিয়ে ধুনটে আসে বলে স্বীকার করে। ধৃত আসামিদের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো: তাহিদুল আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176970