‘লজ্জা নারী-পুরুষ সবারই থাকা উচিত’

‘লজ্জা নারী-পুরুষ সবারই থাকা উচিত’

বিনোদন ডেস্ক : সমাজে প্রচলিত ‘লজ্জা নারীর ভূষণ’ ধারণার বিরোধিতা করে মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেছেন, লজ্জা নারী-পুরুষ নির্বিশেষে সবারই থাকা উচিত। সামাজিক সম্মান, দায়বদ্ধতা ও লজ্জার ভার শুধু নারীর ওপর চাপিয়ে দেয়ার মানসিকতা বদলানো প্রয়োজন।

শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও অসম দায়িত্ব বণ্টনের বিষয়ে কথা বলেন চমক। তিনি বলেন, সমাজে ‘লজ্জা’ শব্দটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। পরিবারের কেউ অন্যায় বা অপরাধ করলে মানুষ বলে, তারা লজ্জিত। আবার রাষ্ট্রে বড় কোনো অপরাধ ঘটলেও সরকার লজ্জা ও দুঃখপ্রকাশ করে। প্রশ্ন রেখে চমক বলেন. তাহলে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন যুগের পর যুগ শুধু নারীদের সঙ্গে জুড়ে দেয়া হবে? লজ্জাটা নারী-পুরুষ নির্বিশেষে সবারই থাকা উচিত।

সমাজে সম্মান ও সম্পত্তির বণ্টনের বৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, পরিবারের মান-সম্মান, ইজ্জত কিংবা লজ্জার প্রশ্ন উঠলে প্রায়ই সব দায়ভার বাড়ির মেয়েদের ওপর চাপিয়ে দেয়া হয়। অথচ সম্পত্তির অধিকার বা বণ্টনের ক্ষেত্রে পুরুষদেরই বেশি প্রাধান্য দেয়া হয়। তার মতে, এই দ্বৈত মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176935