এরা শুধু প্রতিভাবান নয়, অসাধারণ মানুষও : স্পোন কোচ

এরা শুধু প্রতিভাবান নয়, অসাধারণ মানুষও : স্পোন কোচ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর আবেগ সামলাতে পারছিলেন না স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর তিনি কৃতিত্বের পুরোটা তুলে দিলেন নিজের খেলোয়াড়দের কাঁধে। তার ভাষায়, এই দলের সবচেয়ে বড় শক্তি প্রতিভা নয়, বরং ঐক্য, আত্মত্যাগ এবং মানবিক মূল্যবোধ।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে দে লা ফুয়েন্তে বলেন, আগে মানুষ অবাক হতো, ফুটবলাররা প্রতিভাবান হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে পারে এটা ভেবে। আমাদের দলটাই সবচেয়ে ঐক্যবদ্ধ। কারণ এখানে এমন মানুষ আছে, যারা একে অপরকে সাহায্য করে এবং মূল্যবোধকে গুরুত্ব দেয়। ৬৫ বছর বয়সী এই কোচের জন্য এটি আরেকটি ঐতিহাসিক অর্জন। ২০২৪ সালে স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন করার পর এবার বিশ্বকাপও জেতালেন তিনি। এই সাফল্যের পেছনে দলীয় সংস্কৃতিকেই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন দে লা ফুয়েন্তে।

তিনি বলেন, এই খেলোয়াড়দের প্রতিশ্রুতি, সংহতি এবং প্রতিভা অসাধারণ। তারা কঠিন কাজকেও সহজ মনে করায়। আমি এমন একটি ড্রেসিংরুম দেখি, যেখানে সবাই সুখী। আর দেখি, পুরো একটি দেশ আমাদের পাশে দাঁড়িয়ে আছে। ফাইনালে স্পেনের আধিপত্য থাকলেও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক অবিশ্বাস্য সেভ করে ম্যাচ জমিয়ে রাখেন। সেই প্রসঙ্গও টানেন স্প্যানিশ কোচ। দে লা ফুয়েন্তে বলেন, মার্তিনেজ অসাধারণ খেলেছে। সে ম্যাচটিকে অনেক দীর্ঘ করেছে। কিন্তু আমার খেলোয়াড়রা ধৈর্য হারায়নি। আমরা বিশ্বাস রেখেছিলাম, সুযোগ আসবে, আর সেটাই হয়েছে।

স্পেনের জয়ের নায়ক ফেরান তোরেস অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে একমাত্র গোলটি করেন। সেই গোলেই ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয় লা রোহা। এই শিরোপার মধ্য দিয়ে দে লা ফুয়েন্তের দল নতুন একটি মাইলফলকও গড়েছে। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল স্পেন। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজিত থাকার ধারাও ৩৮ ম্যাচে পৌঁছেছে, যা ইউরোপ ও দক্ষিণ আমেরিকার যেকোনো জাতীয় দলের জন্য নতুন রেকর্ড।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176896