ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর
পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি এবং ধাপে ধাপে দেশের সব এলাকায় কার্যক্রম বিস্তারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।
তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে এ কর্মসূচির সুবিধা স্বচ্ছ, কার্যকর ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া, তথ্য ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন কাঠামো আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176893