‘আর্জেন্টিনার সবাই লড়াকু, মেসির জন্য খেলে’
বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা জাতীয় দলকে নিয়ে প্রশংসায় ভাসালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। বার্সেলোনায় একসময়ের সতীর্থ লিওনেল মেসির পাশাপাশি পুরো আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতা, ঐক্য এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
ব্রাজিলের জিই গ্লোবো-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, আর্জেন্টিনার খেলার ধরন সবসময়ই তাকে মুগ্ধ করে, 'এটাই আর্জেন্টিনা। এমন ফুটবলই আমি দেখতে ভালোবাসি। প্রতিটি ম্যাচে খেলোয়াড়রা যেভাবে নিজেদের উজাড় করে দেয়, সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে।'
রোনালদিনহোর মতে, আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি শুধু তাদের লড়াকু মানসিকতা নয়, দলে লিওনেল মেসির উপস্থিতিও। তিনি বলেন, 'আর্জেন্টিনা সবসময়ই এমন ছিল—লড়াকু, হৃদয় দিয়ে খেলে। এটাই তাদের পরিচয়, আর এবারও তারা একইভাবে ফাইনালে উঠেছে। আর আছে আমার বন্ধু মেসি। সে যেকোনো সময় দলের সমস্যার সমাধান করে দিতে পারে।'
রোনালদিনহো আরও বলেন, আর্জেন্টিনা দলের ঐক্য এবং মেসিকে ঘিরে সতীর্থদের আত্মত্যাগ সত্যিই দৃষ্টিনন্দন। তিনি বলেন, 'এই দলের সবচেয়ে সুন্দর বিষয় হলো তাদের বিনয়। সবাই মেসির জন্য দৌড়ায়, সবাই জানে কখন তাকে বল দিতে হবে। কারণ তারা জানে, মেসিই পার্থক্য গড়ে দিতে পারে এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। এই ঐক্যটা সত্যিই দেখার মতো।'
রোনালদিনহো ও মেসির সম্পর্কের শুরু বার্সেলোনায়। মেসি মূল দলে অভিষেকের আগেই দুজন একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন। চার মৌসুম একসঙ্গে খেলেছেন এবং জিতেছেন পাঁচটি অফিসিয়াল শিরোপা, যার মধ্যে ছিল ২০০৫-০৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।
সেই সময়ের বন্ধুত্ব আজও অটুট। তাই বিশ্বকাপ ফাইনালের আগে সাবেক সতীর্থের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতেও ভোলেননি ব্রাজিলিয়ান কিংবদন্তি।
রোনালদিনহোর মতো সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের এমন প্রশংসা নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য বড় প্রেরণা। এখন দেখার বিষয়, তার বিশ্বাসের প্রতিদান দিয়ে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারে কি না।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176794