জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালোইঞ্জিন চালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
আজ রোববার (১৯ জুলাই) দুপুর ৩টায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত তিনজনের পরিচয় পাওয়া গেলেও নিহত দুজনের মিলেনি।
আহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) ও অ্যাডভোকেট শফিকুল ইসলামের ছেলে তুষার (৩৮)।
আহতদের স্বজনরা জানান, দুপুরে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি অটোরিকশা বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জানতে পেরে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।