দুর্গাপুরে ডিবি পরিচয়ে চাচার বাড়িতে ডাকাতি, আটক ৩

দুর্গাপুরে ডিবি পরিচয়ে চাচার বাড়িতে ডাকাতি, আটক ৩

নেত্রকোনার দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলার আব্বাসনগর তালতলা গ্রামে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। 

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের রাজকুমার (২৬), জামালপুর জেলার ইসলামপুরের আব্দুল হামিদ (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার শাহিন আলম (৪৮)। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদের বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঢুকে ডাকাতি করে ওই সংঘবদ্ধ ডাকাত চক্র। 

পরে স্থানীয়দের সহযোগিতায় দুর্গাপুর থানার পুলিশ তাদেরকে আটক করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আপন চাচার বাড়িতে ডাকাতির মূল পরিকল্পনাকারী খোদ ভাতিজা। তবে তাকে আটক করতে পারেনি পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুরে কৃষক আব্দুল ওয়াদুদের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে সাত থেকে আটজন যুবক প্রবেশ করে বাড়িতে থাকা নারী ও শিশুসহ পাঁচ-ছয়জনকে গরু বাঁধার রশি দিয়ে হাত-মুখ বেঁধে, ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে বাড়ির এক সদস্য কোনোরকমে রশির বাঁধন খুলে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির বিষয়টি জানতে পেরে ভোররাত থেকেই অভিযান শুরু করে।

ডাকাতি করা মোবাইল ফোনের লোকেশন শনাক্ত করে স্থানীয়দের সহায়তায় সংঘবদ্ধ ডাকাত চক্রকে ধাওয়া দিয়ে আব্বাসনগর তালতলা বাজার থেকে তিনজনকে আটক করে পুলিশ। এই অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাকিরা।

আটককৃত তিন ডাকাত স্বীকারোক্তিতে জানায়, লক্ষ্মীপুর গ্রামের আব্দুল ওয়াদুদের বাড়িতে ডাকাতির মূল পরিকল্পনাকারী তার ভাতিজা রামিম। এদিকে পুলিশ জানায়, মূল পরিকল্পনাকারী রামিমকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, যে বাড়িতে ডাকাতি হয়েছে তার আপন ভাতিজা রামিমই এর মূল পরিকল্পনাকারী। ঢাকা থেকে সাত-আটজনের একটি দলকে রামিম ৫ হাজার টাকা করে চুক্তিতে ভাড়া করে আনে। পরে চাচার বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176774