বগুড়ার সোনাতলায় বিজয় কিশোর বালিকা বিদ্যালয়ের ভবিষ্যত অনিশ্চিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বিজয় কিশোর বালিকা বিদ্যালয়ের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিদ্যালয়টির অধিকাংশ ছাত্রী কাছেই অন্য একটি বিদ্যালয়ে চলে যাওয়ার ফলে শিক্ষার্থী সংকটে এই স্কুলটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলা সদর থেকে প্রায় ৬/৭ কিলোমিটার পূর্বে মধুপুর ইউনিয়নের হরিখালী খাদ্য গুদাম সংলগ্ন স্থানে ২০২৩ সালে ২২ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত হয় বিজয় কিশোর বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত তিন শ্রেণিতে শতাধিক শিক্ষার্থী ছিল। সম্প্রতি ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সাথে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের ভুল বুঝাবুঝির জেরে অন্য স্কুলে চলে গেছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিংকি খাতুন, ৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি আক্তার, জিসা মনি, জিতা খাতুন বলে, প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়টির পড়ালেখার মান বেশ সন্তোষজনক। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
বর্তমানে ওই বিদ্যালয় থেকে ৭০ থেকে ৭৫ জন শিক্ষার্থী নতুন করে প্রতিষ্ঠা করা হরিখালী মডেল বালিকা বিদ্যালয় নামে আরেকটি প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস ও ষাম্মাসিক পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজীব প্রসাদ জয় সোয়াল বলেন, তাদের বিদ্যালয়ে বর্তমানে ২০ জন শিক্ষার্থী রয়েছে।
এই সংখ্যক শিক্ষার্থী নিয়েই বিদ্যালয়টির কার্যক্রম চালু রেখেছেন। ভবিষ্যতে শিক্ষার্থী বৃদ্ধির বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করা হচ্ছে। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী বলেন, শিক্ষকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল।
সেটি সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। আশা করা হচ্ছে খুব শিঘ্রই সমস্যাটির সমাধান হবে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম বলেন, ২০২৩ সালে প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ে লেখাপড়ার মান সন্তোষজনক। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও সামনের দিকে এগিয়ে যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176724