চাঁপাইনবাবগঞ্জে সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সৎ মায়ের নির্যাতনে তাজকেরা খাতুন (৫) নামে এক শিশুকে হত্যার অভিযোগ করা হয়েছে। শিশুটি জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মো. কামরুলের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রান্তিকপাড়া মহল্লায় কামরুলের ভাড়া করা বাড়িতে শিশুটিকে নির্যাতনের ঘটনা ঘটে। শিশুটির সৎ মা লাকি বেগমের নির্মম নির্যাতনে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সন্ধ্যায় নিটকস্থ একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটি মারা গেছে বলে ধারণা করা হলে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, কামরুলের সাথে ডিভোর্সের পর শিশুটির নিজের মা সায়েরা বেগম(২৬) গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। শিশুটি তার বাবার সাথে থাকত।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় শিশুটির গলায় কালো দাগ এবং কয়েক স্থানে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। আজ শনিবার (১৮ জুলাই) পুলিশ জিডি করে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এছাড়া ঘটনাস্থল সদর থানা এলাকায় হওয়ায় বিষয়টি সদর থানাকেও অবহিত করা হয়। তদন্ত শুরু হয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ পেলে তা মামলা আকারে গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176715