প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি,‘নাটক কম করেন প্রিয়,গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি,‘নাটক কম করেন প্রিয়,গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আজ বরিশালে জড়ো হয়েছি। সর্বশেষ ঢাকায় আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর প্রতিটি জেলা ও উপজেলায় কর্মসূচি চলবে। এর মধ্যে সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন এবং গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দিইনি। হরতাল-অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করিনি। তবে প্রয়োজন হলে এ ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে এমন কর্মসূচির পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতিকে সেদিকেই ঠেলে নিয়ে যাচ্ছেন।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ভালো ভালো কথা বলেন। কিন্তু গণভোটে সংস্কারের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ রায় দেওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না। অন্যদিকে বলা হচ্ছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল—‘নাটক কম করো প্রিয়’। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি, ‘নাটক কম করেন প্রিয়’। বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে, তার অর্থ এই নয় যে জনগণের সঙ্গে ছলনা বা প্রতারণা করা যাবে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176675