নিরাপত্তা উদ্বেগে ইরানে ফাইনাল পরীক্ষা বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা এক সপ্তাহ ধরে এ হামলা চলছে। এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান। এমন পরিস্থিতিতে দেশটির চারটি প্রদেশে একাদশ ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা বাতিল করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাতিল হওয়া প্রদেশগুলো হলো হরমোজগান, বুশেহর, খুজেস্তান এবং সিস্তান ও বেলুচিস্তান। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। তবে অন্যান্য প্রদেশে নির্ধারিত দিনেই পরীক্ষা হবে এবং ওই চার প্রদেশের বাকি পরীক্ষাগুলোও আগের সূচি অনুযায়ী হবে।
এর আগে নিরাপত্তা উদ্বেগে সামরিক ও সংবেদনশীল স্থাপনার কাছাকাছি পরীক্ষাকেন্দ্রগুলো সরিয়ে সরকারি মিলনায়তন, ধর্মীয় কেন্দ্র ও নিরাপদ স্থানে নেয় ইরান। সম্ভাব্য নতুন হামলার ঝুঁকি বিবেচনায় এ পদক্ষেপ।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষা নির্বিঘ্নে চালানো যায়। তবে কতগুলো কেন্দ্র সরানো হয়েছে বা নতুন কেন্দ্র কোথায়, সে বিস্তারিত প্রকাশ করা হয়নি।