চীনে ভয়াবহ ভূমিধসে ৮ জন নিহত

চীনে ভয়াবহ ভূমিধসে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং প্রদেশের পেংশুই কাউন্টিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা ৮ মিনিটে চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর ধসে নিচে নেমে এসে ১০টিরও বেশি আবাসিক ভবন চাপা দেয়। পেংশুই কাউন্টির মেয়র রেন শুজিয়াং জানান, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

পেংশুইয়ের যে এলাকায় ভূমিধস হয়েছে, সেটি একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত আবাসিক ও বাণিজ্যিক এলাকার সড়ক। ভূমিধসের পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে চীনা সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভি। সেই ভিডিওতে  দেখা গেছে ওই এলাকার সড়কের একাংশ মাটি-পাথরের স্তূপে ঢেকে গেছে। ভূমিধসের পর পর ধূলোবালির মেঘে ঢেকে গিয়েছিল ওই এলাকা। সেই মেঘের ভেতর আতঙ্কিত অবস্থায় চিৎকার-ছোটাছুটি করছিলেন লোকজন। সেই ফুটেজও প্রকাশ করেছে সিসিটিভি।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে একজন স্থানীয় কর্মকর্তা জানান, যে এলাকায় ভূমিধসটি ঘটেছে সেটি ‘বিপজ্জনক’ খাড়া ভূখণ্ডের জন্য পরিচিত। তিনি আরও বলেন যে, খাড়া পাহাড়ের পাশ বরাবর এখনও ভূমিধসের ঝুঁকি রয়ে গেছে। উদ্ধার তৎপরতা পরিচালনা এবং উপদ্রুত লোকজনকে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য চীনের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫ কোটি ইউয়ান (৭৩ লাখ ৬০ হাজার ডলার) বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176660