ইরানের সঙ্গে চুক্তি ভেস্তে দিতে সক্রিয় চেষ্টা চালাচ্ছে ইসরায়েল : ভ্যান্স

ইরানের সঙ্গে চুক্তি ভেস্তে দিতে সক্রিয় চেষ্টা চালাচ্ছে ইসরায়েল : ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত একটি চুক্তিকে ভেস্তে দিতে ও মার্কিন জনমতকে সেই চুক্তির বিপক্ষে প্রভাবিত করতে ইসরায়েল সরকারের কিছু সদস্য সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে তার এমন সরাসরি ও তীব্র সমালোচনা আন্তর্জাতিক মহলে নজিরবিহীন শোরগোল ফেলে দিয়েছে।

বুধবার (১৫ জুলাই) মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স এই বিস্ফোরক দাবি করে। গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া যুদ্ধ বিরতি চুক্তির পক্ষে জোরালো অবস্থান নিয়ে সে বলে, আমি কোনো রকম সন্দেহের ঊর্ধ্বে উঠে নিশ্চিতভাবে জানি যে— ইসরায়েল সরকারের ভেতরে এমন কিছু মানুষ আছে, যারা আমাদের এই নীতি (চুক্তি) থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কারণ, তারা এই সামরিক অভিযান চালিয়ে যেতে চায়। ভবিষ্যতের সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্স এর আগেও একাধিকবার ইসরায়েলের সমালোচনা করেছে। দুই দেশের মধ্যে বাড়তে থাকা প্রকাশ্য দূরত্বের মধ্যেই তার এই নতুন বক্তব্য সামনে এলো। রোগানের পডকাস্টে সে বলে, আমি যে চুক্তির পেছনে ছুটছিলাম, সেটিকে ব্যর্থ করে দেওয়ার জন্য আক্ষরিক অর্থেই একটি বিদেশি প্রভাব খাটানোর ক্যাম্পেইনে অর্থায়ন করা হচ্ছে।

এই দাবির পক্ষে সোমবার (১৩ জুলাই) টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলের পক্ষে মার্কিন নাগরিকদের চিন্তাভাবনা ও ইরান যুদ্ধ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্য নিয়ে একটি ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনার জন্য ট্রাম্পের সাবেক এক নির্বাচনী প্রচারণাকারীকে নিয়োগ করা হয়েছিল। ভ্যান্স জানায়, আলোচনা ও চুক্তিকে লাইনচ্যুত করতে অত্যন্ত বিচক্ষণ ও বিপুল অর্থায়নে পরিচালিত এই প্রচার অভিযান আপনারা দেখছেন। তাদের ব্যবস্থার মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা যুদ্ধকে অনির্দিষ্টকালের জন্য টিকিয়ে রাখতে মার্কিন জনমতকে ম্যানিপুলেট ও পরিবর্তন করার চেষ্টা করছে।

এদিকে সাবেক ইসরায়েলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস ভ্যান্সের এই সর্বশেষ মন্তব্যকে ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিয়েছে। তার মতে, এর মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে একই অবস্থানে নেই। বর্তমানে ‘দ্য নিউ রিপাবলিক’—এর কলামিস্ট পিঙ্কাস আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন ভাইস প্রেসিডেন্ট এর আগে কখনো ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন নীতিকে ক্ষুণ্ণ করার জন্য প্রকাশ্যে প্রচারণা চালানোর অভিযোগ তোলেননি। অতীতে মতবিরোধ বা মৃদু দ্বন্দ্ব ছিল, তবে একজন দায়িত্বরত ভাইস প্রেসিডেন্ট এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি প্রভাব খাটানোর প্রচারণার বিরুদ্ধে এত জোরালো, স্পষ্ট ও রূঢ়ভাবে কথা বলবেন, তা সত্যিই নজিরবিহীন ও বেশ চমকপ্রদ। সূত্র: আল—জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176641