ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?
স্পোর্টস ডেস্ক : ফাইনালে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতেই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ অনুমতি নিয়ে নীল রঙের অ্যাওয়ে কিট ব্যবহার করলেও শিরোপা নির্ধারণী ম্যাচে তারা আবারও ফিরছে পরিচিত হোম জার্সিতে।
চলতি আসরে আর্জেন্টিনা অধিকাংশ ম্যাচেই হোম কিট ব্যবহার করেছে। কেবল গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে কিট পরেছিল। এছাড়া অস্ট্রিয়ার বিপক্ষে নীল মোজা ব্যবহার করা হলেও বাকি ম্যাচগুলোতে তারা আকাশি-সাদা জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজাতেই খেলেছে। স্পেনের বিপক্ষেও সেই একই কিটে মাঠে নামবে লিওনেল মেসির দল।
গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ সবুজ রঙের গোলকিপার কিটে। ২০২২ কাতার বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও তিনি একই রঙের কিট ব্যবহার করেছিলেন। কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষেও আর্জেন্টিনা সাদা শর্টস ও মোজা পরেই খেলেছিল।
অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারানোর ম্যাচে বিকল্প কিট ব্যবহার করলেও ফাইনালে নিজেদের ঐতিহ্যবাহী হোম কিটে ফিরছে স্পেন। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা লাল রঙের জার্সি, নীল হাতা ও হলুদ নকশাসংবলিত হোম কিট পরে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176627