শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেফতার
টানা অভিযানের পর রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পি। পুলিশ জানিয়েছে, তিনি সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।
শুক্রবার (১৭ জুলাই) রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তানিম রেজা বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মতিঝিল থানা পুলিশের অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া বাপ্পির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176625