‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় শক্তি তার সুস্পষ্ট পরিকল্পনায় নিহিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ স্লোগানের মাধ্যমে জাতির সামনে যে রাষ্ট্র পরিচালনার রূপরেখা উপস্থাপন করেছিলেন, সম্প্রতি যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও একই বাক্য ব্যবহার করে পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘আপন ঢাকা’র উদ্যোগে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছেন। এটি শুনে মনে হয়েছে, পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের যে দর্শন তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছিলেন, সেই একই ভাষায় জনগণের কাছে ভবিষ্যতের রূপরেখা উপস্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং নেতৃত্বের ওপর আস্থা রাখে। তার দাবি, বাংলাদেশের মানুষও তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এ ঘোষিত রাষ্ট্রচিন্তা ও কর্মপরিকল্পনার প্রতি আস্থা রেখেই তাকে এবং তার দলকে সমর্থন দিয়েছে।
মন্ত্রী আরও বলেন, তারেক রহমানের পরিকল্পনার অন্যতম ভিত্তি হলো ধর্ম, বর্ণ, ভাষা, জাতিসত্তা ও সংস্কৃতি নির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।
তিনি উল্লেখ করেন, মহাত্মা ভেগাই হালদারও মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রচার করে গেছেন।
বাংলাদেশ বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিভাজনের রাজনীতির কোনো স্থান এখানে নেই। যারা একক ধর্ম, একক সংস্কৃতি বা একদলীয় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, তারা প্রকৃতি, মানবতা ও সভ্যতার বিরোধী। সরকার ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন ‘আপন ঢাকা’র সভাপতি শচীন্দ্র নাথ হালদার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176623