২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচি গ্রেপ্তার

২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচি গ্রেপ্তার

নরসিংদীতে দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতা বেগম (৩২)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাতে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, শিশুটির ওপর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে পারিবারিক বিরোধের জেরে শিশুটির পায়ে গুরুতর নির্যাতনের দৃশ্য দেখা যায়। ঘটনার পর মাধবদী থানায় মামলা দায়ের হলে র‌্যাব তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে ফারজানা আক্তারকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

এর আগে, গত ১৪ জুলাই নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ফারজানা আক্তারের পাশাপাশি তার স্বামী কাউসার আহমেদ এবং বাবা আলমাস মিয়াকেও আসামি করা হয়।

উল্লেখ্য, এ ঘটনায় ফারজানার স্বামী কাউসার আহমেদ ও বাবা আলমাস মিয়া ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ফারজানা আত্মগোপনে ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176617