বগুড়ার শেরপুরে ৫ লাখ টাকা ছিনতাই মামলার প্রধান আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে ৫ লাখ টাকা ছিনতাই মামলার প্রধান আসামি মো. সাব্বির (২৫)কে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাত পোনে ৮ টার দিকে শেরপুরের করিমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই মামলার প্রধান আসামি সাব্বিরকে গ্রেফতার করা হয়। ধৃত সাব্বির শেরপুর উপজেলার পাঁচদেওলী গোরাইলপার এলাকার মো. নজিরের ছেলে।
উল্লেখ্য, গত ৩ জুলাই রাত পোনে ৯ টার দিকে বিকাশ ব্যবসায়ী ওমর ফারুক শেরপুরের রানীরহাটে তার বিকাশের দোকান শেষে ফেরার পথে বিশালপুর ইউনিয়নের হাঁসরাগাড়ি বাঁশতলা এলাকায় পোঁছুলে দুর্বৃত্তদের কবলে পড়েন।
এসময় ওই দুর্বৃত্তরা তাকে আটক করে তার নাকে ও মুখে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করে। এরপর তার কাছে ব্যাগে থাকা ব্যবসার ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে সুস্থ হয়ে এব্যাপারে থানায় মামলা করেন ব্যবসায়ী ওমর ফারুক।
পরে এ মামলার আসামিদের ধরতে ম্যাঠে নামে র্যাব। এক পর্যায়ে শেরপুরের করিমপুর বাজার এলাকা থেকে প্রধান আসামি সাব্বিরকে গ্রেফতার করা হয়। পরে সাব্বিরকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176598