জকসু সদস্য সাদমান সাম্যের উদ্যোগে স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত
জবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত, মানসিক চাপ (স্ট্রেস) মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে "Workshop on Stress Management" শীর্ষক একটি বিনামূল্যের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাম্য (সাদমান সাম্য)-এর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল আশ্বাস হেলথ। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা শাহরিন, আশ্বাস হেলথের সাইকোলজিস্ট এবং ICDDRB-এর সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। কর্মশালায় স্ট্রেসের কারণ, লক্ষণ, প্রকারভেদ, মানসিক ও শারীরিক প্রভাব এবং বৈজ্ঞানিক উপায়ে স্ট্রেস নিয়ন্ত্রণের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের একাডেমিক চাপ, সময় ব্যবস্থাপনা, আবেগ নিয়ন্ত্রণ এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন বাস্তবধর্মী পরামর্শ প্রদান করা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো সেশনজুড়ে তারা আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণের সুযোগ পান। সেমিনারে সাদমান আমিন সাম্য বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে এবং একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
আশ্বাস হেলথের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ তাদের ব্যক্তিগত, সামাজিক ও একাডেমিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বিনামূল্যের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176589