নারী-শিশু নির্যাতন : এক মাসে ১০ রায় ঘোষণা হাইকোর্টের  

নারী-শিশু নির্যাতন : এক মাসে ১০ রায় ঘোষণা হাইকোর্টের  

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করে গত এক মাসে ১০টি রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

দেশে নারী ও শিশু নির্যাতনের কয়েকটি আলোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ২০টি ডেথ রেফারেন্স ও আপিল মামলা শুনানির জন্য কার্যতালিকাভুক্ত হয়। গত এক মাসে শুনানি শেষে শরীয়তপুরের স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলা, পিরোজপুরের ঝর্ণা হত্যা মামলা, স্ত্রী হত্যা-সংক্রান্ত কয়েকটি মামলাসহ মোট ১০টি মামলার রায় ঘোষণা করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক বলেন, গত ১৪ জুন এই বেঞ্চের প্রথম কার্যদিবস থেকে ১৫ জুলাই পর্যন্ত মোট ১০টি মামলার রায় ঘোষণা হয়েছে। মাত্র এক মাসে এতগুলো ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তি দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপক্ষ কোনো সময় শুনানি মুলতবির আবেদন করেনি এবং আদালতও দ্রুত নিষ্পত্তিতে আন্তরিক থাকায় এ অগ্রগতি সম্ভব হয়েছে।

এই বেঞ্চে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক ও সৈয়দ ইজাজ কবির এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবা তাসনিম আখি, মুস্তাফিজুর রহমান মুকুল, আশরাফুল আলম, রোহানী সিদ্দীকা ও আল আমীন সিদ্দিকী।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176548