সোনার দাম আন্তর্জাতিক বাজারে আজ কত?
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর ফলে আবারও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সোনার দাম ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ দশমিক ৬৪ ডলারে লেনদেন হয়। সপ্তাহজুড়ে সোনার দাম প্রায় ৩ দশমিক ৪ শতাংশ কমেছে, যা ১ জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের জুন মাসের মূল্যস্ফীতির তথ্য কিছুটা ইতিবাচক হলেও তেলের দামের বড় উল্লম্ফনের কারণে বাজার সেই ইতিবাচক বার্তা গ্রহণ করতে পারেনি। তার মতে, বর্তমানে স্বর্ণের বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, মূল্যস্ফীতির শঙ্কা এবং সুদের হার বাড়ার সম্ভাবনা।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কয়েকজন কর্মকর্তা সুদের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগান প্রকাশ্যে সুদের হার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসনও বলেছেন, মূল্যস্ফীতি দ্রুত না কমলে সুদের হার বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।
বর্তমানে বাজারের ধারণা, আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭৩ শতাংশ।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে। সপ্তাহ শেষে এই তিনটি মূল্যবান ধাতুও দরপতনের মুখে রয়েছে।
সূত্র: রয়টার্স
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176533