বগুড়ার ধুনটে ভ্রাম্যমান আদালতে পোড়ানো হলো সোয়া লাখ টাকার নিষিদ্ধ জাল
ধুনট (বগুড়া) প্রতিনিধি: দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে বগুড়ার ধুনটে ভ্রাম্যমান আদালত প্রায় সোয়া লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিভিন্ন খাল ও বিল থেকে জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করেছে। তবে এ সময় জালের মালিক কাউকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার বাটিকাবাড়ি এলাকায় জলাশয়ে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, অফিস সহকারী রাকিব হাসান, ক্ষেত্র সহকারী রেজাউল করিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ জানান, নিষিদ্ধ জালের ব্যবহার মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, এ উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে। সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। আজকে আমরা ২০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছি। যার আনুমানিক মূল্য সোয়া লাখ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176503