ইতিমধ্যেই আমরা বাজেটে যা পেয়েছি সেটা কল্পনাও করতে পারি নাই - বাজুস প্রেসিডেন্ট
রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এনামুল হক খান বলেছেন, সরকারের দেওয়া সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার করে আমরা ভ্যাট ও কর পরিশোধের মাধ্যমে রাজস্ব খাতে আরও বেশি অবদান রাখতে চাই। পাশাপাশি, জাতীয় অর্থনীতিতে স্বর্ণশিল্পকে একটি শক্তিশালী শিল্পখাত হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যেই আমরা এই বাজেটে যা পেয়েছি, সেটা আমরা কল্পনাও করতে পারি নাই। আশা করি এই মাসের মধ্যেই ইমপোর্ট ও এক্সপোর্টের ব্যাপারে একটি সুখবর দিব। আমরা সরকারকে অঙ্গীকার করেছি আমরা ভ্যাট ও ট্যাক্স দিবো।
প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সেটি উপলব্ধি করেছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের স্বর্ণশিল্পকে বিকশিত করে হাজারও মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে বাজুস। স্বর্ণশিল্প উদ্যোক্তারা যাতে সহজ শর্তে, স্বল্প সুদে ব্যাংক ঋণ পেতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
হারিয়ে যাওয়া স্বর্ণশিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার মন্ত্রী পর্যায়ের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ও এ খাতের উন্নয়নে বাজুসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুরের সভাপতি এনামুল হক সোহেল সভাপতিত্বে বক্তব্য রাখেন বাজুসের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনজিৎ ঘোষ, ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট সমিত ঘোষ অপু, পরিচালক সুমন চন্দ্র দে, পরিচালক আলী হোসেন ও আবদুল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় রংপুর বিভাগের বাজুস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176426