ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ভূল্লী নদীতে ডুবে জুয়েল (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) থানায় দেওয়া অপমৃত্যুর সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। মৃত জুয়েল উপজেলার ৫নম্বর শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব শুখানপুকুরী (গোয়ালীপাড়া) গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বুধবার (১৫ জুলাই) সকালে জুয়েল প্রতিদিনের মতো গড়েয়া কামলা বাজারে কাজের উদ্দেশ্যে যান। পরে স্থানীয় এক গৃহস্থ তাকে আরও কয়েকজন শ্রমিকের সাথে ধান রোপণের কাজে নিয়ে যান। দিনভর কাজ শেষে দুপুরে শ্রমিকেরা ভূল্লী নদী পার হওয়ার একপর্যায়ে জুয়েল পানিতে তলিয়ে যান।

তাকে দ্রুত উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176420