বগুড়ার ধুনটে যুবদল নেতার উপর ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে জয় বাংলা শ্লোগান দিয়ে যুবদল নেতার উপর ককটেল হামলা মামলায় আতিকুর রহমান (৩৭) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আতিকুর রহমান উপজেলার উল্লাপাড়া গ্রামের দেলবার হোসেনের ছেলে এবং ধুনট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২০২৫ সালের ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়। তারা জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে।
এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176392