ইটভাটায় কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না : পরিবেশমন্ত্রী

ইটভাটায় কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না : পরিবেশমন্ত্রী

ইটভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না বলে সতর্ক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, দেশে ইটের বিকল্প এখনো পুরোপুরি তৈরি হয়নি। তাই ইটভাটা বন্ধ না করে, কিভাবে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর থেকে সৃষ্ট দূষণ কমানো যায়, সেদিকেই বেশি দৃষ্টি দিতে হবে।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএমওএ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ইটভাটা শিল্পের পরিবেশগত প্রভাব, বায়ুমান ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

পরিবেশমন্ত্রী, ইট বানাতে ফসলি জমির উপরিভাগের মাটি বা টপ সয়েল ব্যবহার করার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এর ফলে আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমছে। এই সংকট মোকাবেলায় দ্রুত বিকল্প ব্যবস্থা নিয়ে সবাইকে ভাবতে হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, অবৈধ ইটভাটার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। উচ্চ মাত্রার সালফারযুক্ত কয়লা ইটভাটায় ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176379