আট দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক ভ্যালি

আট দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক ভ্যালি
টানা আট দিন বন্ধ থাকার পর অবশেষে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
 
আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৭ জুলাই সাজেক ভ্যালিতে পর্যটক যাতায়াতের ওপর জরুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বুধবার জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে পূর্বের সেই নির্দেশনা পরিবর্তন করা হয়েছে। নতুন এই আদেশ জারির পর থেকে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন।
 
​ভ্রমণ উন্মুক্ত করা হলেও পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
 
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বর্ষা ও দুর্যোগ মৌসুমে রাঙামাটি জেলায় যাতায়াত এবং চলাচলের ক্ষেত্রে পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে রাস্তাঘাট ও পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সময় সময়ে যেসকল নির্দেশনা জারি করা হবে, তা সবাইকে যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
 
​পাহাড়ি ঢল ও বন্যার কারণে গত কয়েকদিন সাজেক ভ্যালির যোগাযোগ ও পর্যটন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছিল। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছিলেন স্থানীয় রিসোর্ট, হোটেল-মোটেল এবং জিপ বা চান্দের গাড়ি চালকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যটন কেন্দ্রগুলো পুনরায় খুলে দেয়ার এই সিদ্ধান্তের পর সাজেক জুড়ে ব্যবসায়ী ও পর্যটন কর্মীদের মাঝে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।
 
রিসোর্ট কটেজ ওনার্স এসোশিয়শেন অব সাজেক-এর সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, ‘এটি আমাদের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সুখবর। গত ৮দিন যাবত আমাদের ব্যবসা বন্ধ ছিল। যেহেতু বর্ষার সময়টাতেই সাজেক সবচেয়ে সুন্দর হয়ে উঠে, তাই এই সময় পর্যটকরা সাজেক ভ্রমণ করতে চান। কিন্তু অতিবৃষ্টির ফলে এতদিন সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। এটি খুলে দেয়াতে আমরা আশা করছি আবারও পর্যটকমুখর হবে সাজেক ভ্যালি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176368