বগুড়ায় মাদক কারবারির সাত বছরের কারাদন্ড

বগুড়ায় মাদক কারবারির সাত বছরের কারাদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে অভিযুক্ত ইমদাদুল হককে ৭ বছরের সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সে বগুড়ার কাহালু উপজেলার যোগীরভবন মন্ডলপাড়ার ওয়াহেদ ওরফে বাবলুর ছেলে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক মো. হাবিবুর রহমান আজ বুধবার (১৫ জুলাই) এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বিগত ২০১৭ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানার এসআই জিলালুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সদর উপজেলার দাড়িয়াল পাকুরতলা লতিফের হোটেলের সামনে পাকা রাস্তা থেকে ইমদাদুল হককে গ্রেফতার করে।

পরে তার  দেহ তল্লাসি করে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. এজেএম শামসুদ্দীন স্বপন এবং আসামি পক্ষে এড. রুবেল ইসলাম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176354