বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত
ভয়াবহ বন্যায় বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান শহরের বালাঘাটা আমবাগান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্যায় যেসব পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বান্দরবানের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান প্রবাহপথ মেক্সি খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খালটি সচল করা গেলে ভবিষ্যতে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176304