ঢাকা পরিচ্ছন্ন করতে হলে দল—মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে : মির্জা ফখরুল

ঢাকা পরিচ্ছন্ন করতে হলে দল—মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানী ঢাকার দীর্ঘদিনের বর্জ্য ও নাগরিক সমস্যা সমাধানে সব দল ও মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। 

আজ বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য করতে আমরা বিএনপি, জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামী দেখতে চাই না; আমরা সবাই ঢাকার সচেতন নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। নগরের মেয়র বা প্রশাসক অনেক ক্ষেত্রেই অসহায় অবস্থায় থাকেন। কারণ, ওয়াসা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে। এই সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।

তিনি বলেন, বর্ষা মৌসুম এলেই রাজধানীতে রাস্তা খেঁাড়াখুঁড়ি বেড়ে যায়। এর অন্যতম কারণ হলো, এসময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাজেটের অর্থ ছাড় হয়। ফলে একটি প্রতিষ্ঠানের কাজ শেষ হওয়ার আগেই অন্য প্রতিষ্ঠান একই সড়কে কাজ শুরু করে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তোলে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। এজন্য সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176296