কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্কমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ আরও বাড়িয়ে কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ১০টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে হামলার তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানের দুই দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

কুয়েতে ইরানের হামলার কিছুক্ষণ আগে ইরানের কিশ ও কেশম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ইরানি সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা এ তথ্য জানায়।

গত তিন দিনে দ্বীপ দুটিতে বারবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও সেখানে হামলা চালানো হয়। নতুন এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ইরান।

ইরানের জন্য কেশম দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালিতে দেশটির দ্বীপগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। এই দ্বীপ ব্যবহার করে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে তেহরান। ধারণা করা হয়, সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বারবার দ্বীপটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176268