সেমিফাইনালে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ফ্রান্স-স্পেন
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠার লক্ষ্য ফরাসিদের, আর স্পেনের সামনে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ। বাংলাদেশ সময় রাত ১টায় টেক্সাসের আর্লিংটনে মাঠে নামবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।
গত দুই বিশ্বকাপের ফাইনাল খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে শিরোপা জয়ের পর ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা। অন্যদিকে, ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামছে স্পেন। এর আগে ইউরো ও নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর স্মৃতি স্প্যানিশদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ ব্যবধানে জয় পাওয়া ফ্রান্সের একাদশে এসেছে একটি পরিবর্তন। দেজিরে দুয়ের জায়গায় সুযোগ পেয়েছেন ব্র্যাডলি বারকোলা। প্যারিস সেন্ট-জার্মেইর এই উইঙ্গার খেলবেন বাঁ প্রান্তে। ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগে তাঁর সঙ্গে রয়েছেন ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে, বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল অলিসে এবং গোল্ডেন বুটের দৌড়ে থাকা কিলিয়ান এমবাপে।
অন্যদিকে, স্পেনের একাদশে কোনো পরিবর্তন আনেননি কোচ লুইস দে লা ফুয়েন্তে। গত শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয় পাওয়া শুরুর একাদশই মাঠে নামাচ্ছেন তিনি। ফলে আগের দুই রাউন্ডে জয়সূচক গোল করা আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনোকে আবারও বেঞ্চে থাকতে হচ্ছে।
স্পেনের ডান প্রান্তে শুরু করবেন লামিনে ইয়ামাল। আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন মিকেল ওয়ারসাবাল। চার গোল নিয়ে চলতি বিশ্বকাপে স্পেনের সর্বোচ্চ গোলদাতা তিনি।
ফ্রান্স একাদশ
মূল একাদশ: দিনিয়ে, মাগনিয়ঁ, রাবিও, দেম্বেলে, এমবাপে, উপামেকানো, কুন্দে, চুয়ামেনি, সালিবা, অলিসে ও বারকোলা।
অতিরিক্ত খেলোয়াড়: ব্রিস সাম্বা, কান্তে, লুকাস, তুরাম, থিও, জঁ-ফিলিপ মাতেতা, কোনাতে, মাক্সেন্স লাক্রোয়া, চেরকি, মানু কোনে, গুস্তো, জাইরে-এমেরি, মাগনেস আকলিউশ, দুয়ে ও রবিন রিসার।
স্পেন একাদশ
মূল একাদশ: লাপোর্তে, উনাই সিমন, কুকুরেয়া, ফ্যাবিয়ান রুইজ, ওয়ারসাবাল, অলমো, রদ্রি, অ্যালেক্স বায়েনা, পোরো, লামিনে ইয়ামাল ও কুবারসি।
অতিরিক্ত খেলোয়াড়: গ্রিমালদো, ইগলেসিয়াস, লরেন্তে, ডেভিড রায়া, মেরিনো, ফেরান তোরেস, এরিক গার্সিয়া, মার্টিন জুবিমেন্দি, ইয়েরেমি, পেদ্রি, জোয়ান গার্সিয়া, নিকো উইলিয়ামস, মার্ক পুবিল, গাভি ও ভিক্টর মুনিয়োজ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176264