বগুড়ার ধুনটে গৃহকত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে ফসলের মাঠে যওয়ার সময় বাঁশ ঝাড়ের পাশে এক গৃহকত্রীকে (৫৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গতকাল সোমবার রাতে সিহাব উদ্দিন (৫৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সিহাব উদ্দিন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর-কচুগাড়ি গ্রামের ছকুমুদ্দিন প্রামানিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী প্রায় ২৫ বছর আগে মারা গেছে। এখন পরিবারের প্রধান ওই নারী। জমি দেখভাল ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন তিনি। প্রতিবেশী সিহাব উদ্দিন ওই গৃহকত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেয়। এ অবস্থায় প্রতিদিনের ন্যায় ১৮ জুন সকাল ৯টার দিকে গরু চরানোর জন্য বাড়ি থেকে ফসলি মাঠের দিকে রওনা হন গৃহকত্রী।
এ সময় বাড়ির অদুরে বাঁশ ঝাড়ের পাশে ফাকা রাস্তায় পৌছলে গৃহকত্রীকে ধর্ষণের চেষ্টা করে সিহাব উদ্দিন। তখন গৃহকত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছলে সিহাব উদ্দিন কৌশলে সটকে পড়ে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176252